চলতি বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে নতুন রোমাঞ্চের জন্ম দিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। কোনো হ্যাটট্রিকের দেখা না পেলেও এখন পর্যন্ত টুর্নামেন্টে তিনবার জোড়া গোল করে তিনি ছুঁয়ে ফেলেছেন সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসিকে। রাউন্ড অব থার্টি টুর ম্যাচে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে শেষ ষোলোতে তোলার পাশাপাশি নিজের গোলসংখ্যা ছয়ে উন্নীত করেছেন এমবাপ্পে।
গ্রুপ পর্ব শেষে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে নেমে এক গোলসহ মোট ছয় গোল নিয়ে গোল্ডেন বুট লড়াইয়ের শীর্ষে ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তবে নকআউটের মঞ্চে এসে সুইডেনের পাশাপাশি এর আগে গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষে জোড়া গোল করা এমবাপ্পেও এখন ছয় গোলের মালিক। উভয়ের গোলসংখ্যা সমান হলেও ফিফার নিয়ম অনুযায়ী অ্যাসিস্টের দিক থেকে এগিয়ে থাকায় বর্তমানে শীর্ষস্থানটি এমবাপ্পের দখলে রয়েছে। ফরাসি অধিনায়কের দুটি অ্যাসিস্ট থাকলেও মেসির নামের পাশে এখন পর্যন্ত কোনো অ্যাসিস্ট নেই।
টুর্নামেন্টের শেষ পর্যন্ত এই শীর্ষস্থান ধরে রাখতে পারলে বিশ্বকাপ ইতিহাসে টানা দুই আসরে গোল্ডেন বুট জেতা প্রথম খেলোয়াড় হওয়ার কীর্তি গড়বেন এমবাপ্পে, যিনি ২০২২ কাতার বিশ্বকাপে আট গোল করে এই পুরস্কার জিতেছিলেন। তবে লড়াইটা এখনো অনেকটাই বাকি। রাউন্ড অব থার্টি টুর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবেন মেসি। অন্যদিকে, ফ্রান্স শেষ ষোলোতে ওঠায় এমবাপ্পেরও অন্তত আরও একটি ম্যাচ খেলা নিশ্চিত। ফলে গোল্ডেন বুটের শীর্ষস্থানটি সামনে আরও কয়েকবার হাতবদল হতে পারে।
মেসি ও এমবাপ্পের পাশাপাশি গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন আরও কয়েকজন তারকা ফুটবলার। চার ম্যাচে পাঁচ গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন নরওয়ের আর্লিং হলান্ড, শেষ ষোলোতে যার দল ব্রাজিলের মোকাবিলা করবে। এছাড়া চার গোল ও দুটি অ্যাসিস্ট নিয়ে এমবাপ্পের সতীর্থ উসমান দেম্বেলে এবং চার গোল ও একটি অ্যাসিস্ট নিয়ে ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়রও এই তালিকায় রয়েছেন। গোল্ডেন বুট তালিকার শীর্ষ পাঁচ দাবিদারের দলই এখনো টুর্নামেন্টে টিকে থাকায় সামনের ম্যাচগুলোতে এই লড়াই আরও তীব্রতর হতে চলেছে।
ডিবিসি/এফএইচআরa