২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচে কৌশলগত লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে একটি ভাইরাল ঘটনা। প্রথমার্ধে পর্তুগিজ রেফারি জোয়াও পেদ্রো পিনহেইরোর কথা বলার ধরন নিয়ে আপত্তি জানিয়ে তার মুখোমুখি হন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
সুইজারল্যান্ডের একটি ফ্রি-কিকের আগে মানবদেয়াল তৈরির সময় রেফারি মেসিকে নির্দিষ্ট দূরত্বে সরে যেতে নির্দেশ দিলে তার কথা বলার ভঙ্গি ও অঙ্গভঙ্গিতে ক্ষুব্ধ হন রোজারিওর এই তারকা। তাৎক্ষণিকভাবে তিনি বলে ওঠেন, তার সাথে যেন ঠিকভাবে কথা বলা হয়। ফ্রি-কিক নেওয়ার পর টেলিভিশন ক্যামেরায় দুজনের আরেকটি কথোপকথন ধরা পড়ে, যেখানে ঠোঁট নাড়া দেখে স্পষ্ট বোঝা যায় মেসি রেফারিকে বলছেন, ‘আমার সাথে ঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। আমি আপনার সাথে ঠিকভাবে কথা বলেছি, আপনিও ঠিকভাবে কথা বলুন।’ তবে কথা বলার সময় আর্জেন্টাইন অধিনায়ক ছিলেন সম্পূর্ণ শান্ত এবং দুই হাত পেছনে রেখে ধীরস্থিরভাবে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন। এই ঘটনায় কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হলেও সেমিফাইনালে ওঠার এই হাই-ভোল্টেজ ম্যাচে এটি দ্রুতই অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়।
বিতর্কের কেন্দ্রে থাকা ৩৮ বছর বয়সী রেফারি জোয়াও পেদ্রো পিনহেইরোকে ইউরোপের অন্যতম প্রতিশ্রুতিশীল রেফারি হিসেবে বিবেচনা করা হয়।পর্তুগালের ভিলা নোভা দে ফামালিকাও-তে জন্মগ্রহণ করা এই রেফারি ২০১৫ সালে পর্তুগালের শীর্ষ লিগে আত্মপ্রকাশ করেন এবং এর এক বছর পরই ফিফার আন্তর্জাতিক ব্যাজ অর্জন করেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং ২০২৫ সালের উয়েফা সুপার কাপের মতো বড় আসরে দায়িত্ব পালনের পর এবার ২০২৬ বিশ্বকাপের মঞ্চে ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত হয়েছেন তিনি।
সূত্র: মার্কা
ডিবিসি/এফএইচআর