বাংলাদেশ, জাতীয়, অর্থনীতি

সরকারি কর্মচারীদের ৫ শতাংশ বেতন বৃদ্ধির প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৮ই জুলাই ২০২৩ ১০:১৫:০৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকারি কর্মচারী ও পেনশনভোগী কর্মচারীদের জন্য ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রদানের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এর মাধ্যমে সার্বিকভাবে তাদের ৫ শতাংশ বেতন বৃদ্ধি হচ্ছে।

মঙ্গলবার (১৮ জুলাই) জারি করা এই প্রজ্ঞাপনে বিভিন্ন স্তরের কর্মচারীরা কীভাবে ও কত হারে এই সুবিধা পাবেন, তার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরিরত ব্যক্তিরা ন্যূনতম ১ হাজার টাকা এবং পেনশনভোগীরা ন্যূনতম ৫০০ টাকা পাবেন।

এতে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ১ জুলাই থেকে এই বিশেষ সুবিধা দেওয়া হবে। অবসর–উত্তর ছুটিতে থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগের সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন। এ ছাড়া পুনঃস্থাপনকৃত পেনশনাররাসহ সরকার থেকে পেনশন গ্রহণকারীরা প্রতিবছর ১ জুলাই তারিখে প্রাপ্য নিট পেনশনের ওপর ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন; তবে তা ৫০০ টাকার কম হবে না।

অবসর গ্রহণকারী যেসব কর্মচারী তাদের মোট পেনশনের ১০০ শতাংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক তুলে নিয়েছেন, তাঁরা এই বিশেষ সুবিধা পাবেন না।

জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা দেওয়া হবে। তবে প্রজ্ঞাপনে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে যে এমন চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যেকোনো এক ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হবে।

এ ছাড়া যারা সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন, তারাও এই সুবিধা পাবেন। সাময়িকভাবে বরখাস্ত হওয়ার তারিখের ঠিক আগের মূল বেতনের ৫০ শতাংশের ওপর ৫ শতাংশ হারে এই সুবিধা দেওয়া হবে। তবে যাঁরা বিনা বেতনে ছুটিতে আছেন, তাঁরা এই সুবিধা পাবেন না।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারীদের এই বিশেষ সুবিধা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব বাজেট থেকে দিতে হবে। অর্থাৎ যেসব প্রতিষ্ঠান সরকারের রাজস্ব বাজেটে পরিচালিত হয় না, তাদের নিজস্ব বাজেট থেকে এই ব্যয় মেটাতে হবে।

আরও পড়ুন