সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেড নিয়োগ পরীক্ষায় মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা মৌখিক পরীক্ষায় নম্বর বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, মেধাবীদের মুক্তি দে’, ‘মামা-খালুর সুপারিশ, চলবে না চলবে না’, ‘সারা বাংলায় খবর দে, ভাইভা কোটার কবর দে’, ‘এমপি-মন্ত্রীর সুপারিশ, চলবে না চলবে না’ এবং ‘ভাইভা কোটার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’।
সমাবেশে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হেলাল উদ্দিন বলেন, কোটাবিরোধী আন্দোলনের পর এখন ভাইভার আড়ালে নতুন করে কোটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ছাত্রসমাজ এ সিদ্ধান্ত কখনোই মেনে নেবে না। শিক্ষার্থীদের স্বার্থবিরোধী অবস্থান নিয়ে অতীতে কোনো শাসক টিকতে পারেনি। এ সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. সজিবুর রহমান বলেন, ভাইভায় নম্বর বাড়ানোর সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে দলীয়করণের সুযোগ তৈরি করা হচ্ছে। সরকার যদি মেধাবীদের সঠিক মূল্যায়ন না করে স্বজনপ্রীতি ও দলীয়করণের পথ বেছে নেয়, তবে সাধারণ শিক্ষার্থীরা তা রাজপথে শক্ত হাতে প্রতিরোধ করবে।
ডিবিসি/হাদী