রাষ্ট্রের তহবিল অপব্যবহার করে ব্যক্তিগত কর্মচারীদের বেতন দেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী রবি করুণানায়েকেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দেশটির প্রধান দুর্নীতিবিরোধী সংস্থা এ তথ্য জানিয়েছে।
ঘুষ বা দুর্নীতি তদন্ত কমিশনের (CIABOC) দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে হেফাজতে নেওয়া হয়। দুর্নীতিবিরোধী সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, জাতীয় লটারি বোর্ডের তহবিল থেকে তিনজনকে বেতন দেওয়া হলেও তারা ওই সাবেক মন্ত্রীর ব্যক্তিগত কাজ করতেন। সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের প্রশাসনের মন্ত্রী করুণানায়েকের এই গ্রেপ্তারের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েকের দুর্নীতিবিরোধী কঠোর অভিযান চলছে।
এর আগে চলতি মাসের শুরুতে প্রাচীন একটি পবিত্র পাথর চুরিতে সহায়তার অভিযোগে আরেক সাবেক মন্ত্রী খেহেলিয়া রামবুকভেলাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের পরিবারের সব সদস্যের বিরুদ্ধেও অর্থ পাচার, ঘুষ ও হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগের তদন্ত বা আইনি প্রক্রিয়া চলছে। তবে রাজাপাকসে পরিবার এসব অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র: বাসস
ডিবিসি/এসভিএন