সরকারি সেবা প্রদান এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত রাখার বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, প্রশাসনিক ব্যবস্থায় ফাইলের জট বা দীর্ঘসূত্রতার কোনো স্থান নেই। সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সেবা সরাসরি নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁর মতে, সেবার জন্য নাগরিককে সরকারের কাছে আসতে হবে না, বরং সরকারই সেবা নিয়ে নাগরিকের কাছে পৌঁছাবে।
এদিন প্রধান উপদেষ্টার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক মূল্যায়নসংক্রান্ত একটি প্রতিবেদন তাঁর কাছে হস্তান্তর করে। গত ১০ সেপ্টেম্বর জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের সভায় দেওয়া নির্দেশনার আলোকে এবং ইউএনডিপির কারিগরি সহায়তায় এই মূল্যায়ন কার্যক্রমটি সম্পন্ন করা হয়। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন পাঁচটি মূল প্রতিষ্ঠান, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), বিসিএস প্রশাসন একাডেমি, বিয়াম ফাউন্ডেশন, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (নাডা) এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিকে (এনএপিডি) অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৈঠকে প্রধান উপদেষ্টা প্রচলিত প্রশিক্ষণ পদ্ধতির সমালোচনা করে বলেন, অনেক ক্ষেত্রে বিশাল ভবন থাকলেও দক্ষ প্রশিক্ষক বা আধুনিক পদ্ধতির অভাব রয়েছে। তিনি গৎবাঁধা প্রশিক্ষণের পরিবর্তে ‘সমস্যা সমাধানমূলক’ বা প্রবলেম সলভিং পদ্ধতির ওপর জোর দেন। কাজের গতি বাড়াতে তিনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে র্যাংকিং ব্যবস্থা চালু এবং কর্মকর্তাদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে ইনসেনটিভ বা উদ্দীপনা প্রদানের প্রস্তাব করেন। এছাড়া সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি খাতের কর্মকর্তারাও যাতে এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে গর্ববোধ করতে পারেন, তেমন মানসম্মত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
কমিটির সদস্যরা জানান, বাংলাদেশে প্রথমবারের মতো ‘লার্নিং বাই ডুয়িং’ বা কাজের মাধ্যমে শেখার পদ্ধতিতে এই মূল্যায়নটি পরিচালিত হয়েছে। একাডেমিয়া ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে প্রস্তুতকৃত এই প্রতিবেদনের সুপারিশগুলো বাস্তবায়িত হলে জনপ্রশাসনের দক্ষতা ও জনসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিসি/এফএইচআর