বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা হিসেবে বরাদ্দকৃত শুল্কমুক্ত (ট্যাক্স ফ্রি) গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ তথ্য নিশ্চিত করেছেন।
সকাল ৭টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিশির মনির জানান, দলের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এমপিরা এসব সুবিধা প্রত্যাখ্যান করবেন। পোস্টে তিনি লিখেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়রা ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে জামায়াত নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে বিপুল বিজয় অর্জন করে। এর মধ্যে জামায়াতে ইসলামী এককভাবে ইতিহাসের সর্বোচ্চ ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জোটের শরিকদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসনে বিজয়ী হয়েছে।