বাংলাদেশ, জেলার সংবাদ

সরকারি বেতন-ভাতা ও গাড়ি ব্যবহার না করার ঘোষণা কৃষিমন্ত্রীর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকারি কোনো বেতন-ভাতা গ্রহণ করবেন না এবং মন্ত্রী থাকা অবস্থায় সরকারি গাড়িও ব্যবহার করবেন না বলে ঘোষণা দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন। শনিবার দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী স্পষ্টভাবে জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিজের গাড়ি এবং নিজস্ব অর্থায়নে কেনা জ্বালানি ব্যবহার করছেন। সরকারি গাড়ি বা তেলের খরচ তিনি নেন না এবং ভবিষ্যতেও সরকারি বেতন-ভাতা থেকে বিরত থাকবেন। মতবিনিময়কালে তিনি কুমিল্লায় নিজের স্থাপিত প্রথম রপ্তানিমুখী কারখানার কথা স্মরণ করে বলেন, স্থানীয়দের উৎসাহে কুমিল্লায় বর্তমানে যে শিল্প বিপ্লব ঘটেছে এবং অসংখ্য কারখানা গড়ে উঠেছে, সেই অগ্রগতি অব্যাহত থাকবে।

 

কৃষিখাতে কুমিল্লার পথিকৃৎ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ড. আখতার হামিদ খান সেচ প্রকল্পের মাধ্যমে এ অঞ্চলে প্রথম কৃষিতে আধুনিকতার ছোঁয়া দিয়েছিলেন এবং তাঁর উদ্ভাবিত 'কুমিল্লা মডেল' আজও দেশ-বিদেশে সমাদৃত। নিজেকে একজন কৃষক হিসেবে উল্লেখ করে মন্ত্রী জানান, তিনি ধান ফলানোর পদ্ধতি জানেন এবং কুমিল্লাসহ সারা দেশের কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। জেলার কৃষকদের ফসল সংরক্ষণের সুবিধা বাড়াতে হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি 'ট্যাংক ও ব্যাংকের নগরী' হিসেবে কুমিল্লার পুরোনো ঐতিহ্য সমুন্নত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন