বাংলাদেশ, জাতীয়

সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে জ্বালানি সাশ্রয়ের আহ্বান

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সম্ভাব্য সংকট মোকাবিলায় বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্পদের অপচয় রোধে দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সাধারণ নাগরিকদের জ্বালানি সাশ্রয়ী হওয়ার জরুরি আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কায় আগাম প্রস্তুতি হিসেবে এই সাশ্রয়ী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

 

নির্দেশনা অনুযায়ী, প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করতে রান্না ও অন্যান্য গৃহস্থালি কাজে সঠিক পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। গ্যাসচালিত যন্ত্রপাতির অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ রাখার পাশাপাশি পাইপলাইন ও বার্নার নিয়মিত পরীক্ষা করে লিকেজজনিত অপচয় রোধ করতে বলা হয়েছে। একই সাথে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার থেকে বিরত থাকার জন্য কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

 

জ্বালানি তেলের ব্যবহার কমাতে ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে কার-পুলিং বা শেয়ারিং পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করার মাধ্যমে তেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানানো হয়। সকল সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে অফিস চলাকালীন এবং অফিস পরবর্তী সময়ে জ্বালানি সাশ্রয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহকেও অপ্রয়োজনীয় জ্বালানি ব্যবহার পরিহার করে জাতীয় স্বার্থে সাশ্রয়ী ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন