শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেওয়া হলো উদ্বোধনী নারী চ্যাম্পিয়নস ট্রফি। সরকারি হস্তক্ষেপের কারণে টুর্নামেন্টটি দেশটির হাতছাড়া হয়েছে বলে ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে এই টুর্নামেন্ট শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বর্তমানে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) একটি সরকার নিযুক্ত রূপান্তর কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। বোর্ডের গঠনতন্ত্র ও শাসন কাঠামো সংস্কারের জন্য এই কমিটি গঠন করা হয়। কমিটি একটি খসড়া গঠনতন্ত্র তৈরি করে ক্রীড়া মন্ত্রীর কাছে পাঠালেও আইসিসির নীতি অনুযায়ী রাজনৈতিকভাবে নিযুক্ত অন্তর্বর্তীকালীন প্রশাসন নিষিদ্ধ। এ কারণে রূপান্তর কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই আইসিসি বোর্ড সভায় এসএলসির প্রতিনিধিদের অংশগ্রহণ নিষিদ্ধ রেখেছে। গত জুলাই মাসে এক বিবৃতিতে আইসিসি জানায়, তারা খসড়া গঠনতন্ত্রের অগ্রগতি লক্ষ্য করলেও যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের ওপর জোর দিয়েছে এবং আপাতত এসএলসি প্রতিনিধিরা বোর্ড সভায় অংশ নিতে পারবে না।
টুর্নামেন্টটি হাতছাড়া হওয়ার কারণে শুধু আর্থিক ক্ষতিই নয়, ক্রিকেটীয় দিক থেকেও বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। শীর্ষ ছয়টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে স্বাগতিক দেশ হিসেবে শ্রীলঙ্কার সরাসরি খেলার কথা ছিল। এর আগে সরকারের হস্তক্ষেপে নির্বাচিত বোর্ড ভেঙে দেওয়ায় দেশটি ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্বাগতিকসত্বও হারিয়েছিল, যা পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হয়।
সূত্র: ক্রিকবাজ
ডিবিসি/এসভিএন