রাজনীতি

সরকারের ভালো কাজে সমর্থন থাকবে, জনবিরোধী কিছু মানব না: ডা. শফিকুর রহমান

সিনিয়র রিপোর্টার, সিলেট

ডিবিসি নিউজ

রবিবার ২২শে মার্চ ২০২৬ ০১:১০:০২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, "আমরা সরকারের ভালো কাজকে নৈতিক সমর্থন দেব, কিন্তু জনস্বার্থের বিরোধী কোনো কিছু হলে আমরা তা মেনে নেব না।" রবিবার (২২ মার্চ) সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বর্তমান রাষ্ট্রপতির বিষয়ে তীব্র আপত্তি জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, "রাষ্ট্রপতি কার্যত ফ্যাসিবাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তিনি সংসদে ভাষণ দেবেন—তা আমরা চাইনি। রাষ্ট্রপতির মতো সম্মানজনক প্রতিষ্ঠানের সাথে আমাদের কোনো আপত্তি নেই, তবে ওই পদে থাকা ব্যক্তি সম্পর্কে আমাদের আপত্তি আছে।"

 

এই পরিস্থিতি থেকে জাতিকে মুক্তি দিতে তিনি সরকারি দলের প্রতি অনুরোধ জানান। এ সময় তিনি আরও যোগ করেন, সরকার পরিচালনাকারী দল বিএনপি ও তাদের শুভাকাঙ্ক্ষীদের মহলে প্রেসিডেন্ট হওয়ার মতো যথেষ্ট যোগ্য লোক রয়েছে।

 

দেশে সংস্কার ও সংবিধান পরিবর্তন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, "৬৫ শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়েছেন, তারা সংস্কার চান। কিন্তু মানুষের সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে না। গণভোটের এক অংশ বাস্তবায়ন হলেও, আরেক অংশ এখন পর্যন্ত উপেক্ষিত রয়ে গেছে।" পৃথিবীর অনেক দেশে সংবিধান পরিবর্তন হয় উল্লেখ করে তিনি জানান, বর্তমান প্রেক্ষাপটে সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির অন্যতম প্রধান দাবি।

 

স্থানীয় সরকার নির্বাচনের তাগিদ দিয়ে তিনি বলেন, "আমরা স্থানীয় সরকার নির্বাচনের জন্য অপেক্ষায় আছি, এটি দ্রুত হওয়া উচিত।" জনগণের দাবি ও অধিকার আদায়ে রাজনৈতিকভাবে এবং নিয়মতান্ত্রিক উপায়ে জামায়াতে ইসলামী এসব বিষয়ে তাদের প্রতিবাদ অব্যাহত রাখবে বলেও জানান বিরোধীদলীয় নেতা।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন