বাংলাদেশ

সাংবাদিকদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকার মগবাজারস্থ আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সাথে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে তদন্ত সাপেক্ষে দুই কর্মীকে সাময়িক অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ২৭ মে হাসপাতালটিতে দুর্ঘটনাজনিত কারণে ৬ জন নবজাতকের মৃত্যুর ঘটনার পর, গত ৩০ মে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শনে যান। স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল ত্যাগের পর বিপুল সংখ্যক সাংবাদিক ভেতরে প্রবেশের চেষ্টা করেন। সে সময় চিকিৎসাধীন রোগীদের স্বার্থে কর্তৃপক্ষ সাংবাদিকদের হাসপাতালে প্রবেশ নিবৃত্ত করার চেষ্টা করে।

 

এ নিয়ে হাসপাতাল কর্মীদের সাথে সাংবাদিকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একজন সাংবাদিক হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীদের ‘ঝাড়ুদার’ সম্বোধন করলে কর্মীরা অপমানিত বোধ করে উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিকদের হাসপাতাল ত্যাগের অনুরোধ করেন। সে সময় উপস্থিত হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উত্তেজিত কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

 

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আদ্-দ্বীন কর্তৃপক্ষ ঐদিনই গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দুঃখ প্রকাশ করে। পরবর্তীতে ঘটনার তদন্ত করে দোষী সাব্যস্ত হওয়ায় ২ জন কর্মীকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। তবে অব্যাহতিপ্রাপ্ত কর্মীদের সামাজিক মর্যাদার কথা বিবেচনা করে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।

 

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা সবসময়ই গণমাধ্যম কর্মীদের সাথে সহযোগিতা করে থাকে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দ্রুত দুঃখ প্রকাশ এবং পরবর্তীতে দায়ী কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তাদের সেই সহযোগিতাপূর্ণ মনোভাবেরই বহিঃপ্রকাশ।

 

টিবিসি/টিবিএ

আরও পড়ুন