বিবিধ

সাংবাদিকদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

রবিবার ৩১শে মে ২০২৬ ১১:২২:১৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত ৩০ মে আদ্-দ্বীন হাসপাতালে সংবাদকর্মীদের সাথে হাসপাতালের কর্মীদের এক অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ২৭ মে হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার পর থেকে তৈরি হওয়া ধারাবাহিক মানসিক চাপ এবং ভুল বোঝাবুঝির জেরে এই ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। শনিবার (৩০ মে) হাসপাতালের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৭ মে দুর্ঘটনাজনিত কারণে ৬ জন নবজাতকের মৃত্যুর পর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন কর্তৃপক্ষ এবং বিপুল সংখ্যক সাংবাদিক ক্রমাগত হাসপাতাল পরিদর্শন করে আসছেন। এ ঘটনার প্রেক্ষিতে সরকার একটি তদন্ত কমিটিও গঠন করেছে। অনবরত এই পরিদর্শনের কারণে হাসপাতালে কর্মরত সেবা প্রদানকারীগণ গত কয়েকদিন ধরে চরম মানসিক চাপের মধ্যে সময় পার করছিলেন, যার ফলে হাসপাতালে ভর্তি থাকা এবং সেবা নিতে আসা সাধারণ রোগীদেরও যথেষ্ট অসুবিধা হচ্ছিল।

 

এরই ধারাবাহিকতায় গত ৩০ মে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শনে আসেন। মন্ত্রী হাসপাতাল ত্যাগ করার পর বিপুল সংখ্যক সাংবাদিক ভেতরে প্রবেশের চেষ্টা করলে চিকিৎসাধীন রোগীদের স্বার্থে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে জনৈক সাংবাদিক হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীদের 'ঝাড়ুদার' বলে সম্বোধন করলে কর্মীরা অপমানিত বোধ করে উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিকদের হাসপাতাল ত্যাগ করতে অনুরোধ করেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মীদের শান্ত করার চেষ্টা করেন।

 

এক বিবৃতিতে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সব সময়ই গণমাধ্যম কর্মীদের কাজের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের সাথে সহযোগিতা করে থাকে। তা সত্ত্বেও ৩০ মে-র এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। কর্মীদের ওই অনিচ্ছাকৃত আচরণের কারণে গণমাধ্যম কর্মীরা মনে কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিনীত প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন