যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রকাশক উইল লুইস পদত্যাগ করেছেন। তিন শতাধিক সাংবাদিককে ছাঁটাই করার পরে তীব্র সমালোচনার মুখে পড়ার পর স্থানীয় সময় শনিবার তিনি এই ঘোষণা দেন।
উইল লুইসের প্রতিনিধি হতে যাচ্ছেন জেফ ডি’অনোফ্রিয়ো, যিনি প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রকাশকের দায়িত্ব পালন করবেন। কর্মীদের উদ্দেশে পাঠানো এক সংক্ষিপ্ত নোটে উইল লুইস উল্লেখ করেছেন, ওয়াশিংটন পোস্টের দুই বছরের পরিবর্তন প্রক্রিয়া শেষে সরে যাওয়ার জন্য এটিই উপযুক্ত সময়।
মূলত প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা এবং সাম্প্রতিক গণছাঁটাইয়ের কারণে কর্মীদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ ও তোপের মুখে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। তিনি পত্রিকাটির মালিক জেফ বেজোসের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দাবি করেন যে সংবাদমাধ্যমটির টেকসই ভবিষ্যতের কথা মাথায় রেখেই তাকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছিল।
লুইসের এই পদত্যাগের নেপথ্যে কেবল ছাঁটাই নয়, বরং তার পেশাদার আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার যখন শত শত সাংবাদিক চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন, তখন লুইস কর্মস্থলে অনুপস্থিত থেকে স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছিলেন। এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ তার সহকর্মী ও সংশ্লিষ্টদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করে, যা শেষ পর্যন্ত তাকে পদত্যাগের পথে ঠেলে দেয়।
সূত্র: সিএনএন
ডিবিসি/টিবিএ