জাতীয়, রাজনীতি

সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ: রুহুল কবির রিজভী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক অর্থ, পরিকল্পনা ও বাণিজ্যমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান তার অবদান এবং অর্জনের কারণে শুধু বিএনপির গৌরব নন, তিনি গোটা জাতির সম্পদ। তিনি বলেন, সাইফুর রহমান এ জাতির সম্পদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গৌরব। নানা কারণ ও অবদানের জন্যে তিনি জাতির সম্পদ।

এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

 

রুহুল কবির রিজভী বলেন, সাইফুর রহমান যখন ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) চালু করেন, তখন আওয়ামী লীগসহ বিভিন্ন মহল থেকে ব্যাপক সমালোচনা করা হয়েছিল। ১৯৯১ সালে এটি চালুর সময় সংসদে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগও ভ্যাট ব্যবস্থা বন্ধ বা বাতিল করতে পারেনি। তিনি বলেন, ‘এটা বাংলাদেশের অর্থনীতিতে একটা প্রাণ সঞ্চার করেছিল। এটা সাইফুর রহমানের অবদান।’

 

সাইফুর রহমানের ব্যবস্থাপনা দক্ষতার প্রশংসা করে রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দলেও থাকা অবস্থায় বিএনপির রাজনৈতিক বিরোধীরা তার ব্যক্তি হিসেবে উচ্চতা, ম্যানেজমেন্ট ক্যাপাসিটি এবং অর্থনীতি ব্যবস্থাপনার দক্ষতা নিয়ে সেভাবে সমালোচনা করতে পারেনি। কারণ দেশের জনগণের মধ্যে তার দক্ষতা ও যোগ্যতা সুপ্রতিষ্ঠিত ছিল।

 

তিনি বলেন, সাইফুর রহমান এমন একজন অর্থনৈতিক ব্যবস্থাপক ছিলেন, যিনি টাকা পাচার, ব্যাংক লুট ও ব্যাংকের টাকা নিয়ে সরকারের ঘাটতি বাজেট পূরণের মতো ঘটনা ঘটতে দেননি। তার সময়ে ব্যাংক ছিল ব্যাংকের জায়গায় এবং বাজেট নিজস্ব ট্যাক্স কালেকশনের মাধ্যমে প্রণয়ন করা হতো বলে উল্লেখ করেন রিজভী।

 

রুহুল কবির রিজভী বলেন, ‘পরবর্তী ১৭ বছর ছিল লুটপাটের অর্থনীতি, লুটপাটের বাজেট। গোটা দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা করে দেওয়া হয়েছে। লুটপাট এবং টাকা পাচার যেন আমাদের অর্থনীতির একটা সংস্কৃতিতে পরিণত করা হয়েছে।’

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন