আন্তর্জাতিক

সাইবেরিয়ায় রাশিয়ার অত্যাধুনিক বোমারু বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়ার সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলে একটি ‘টিইউ-২২এম৩’ কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার একটি প্রশিক্ষণ ফ্লাইট চলাকালীন এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে বিমানটিতে থাকা চারজন ক্রু নিরাপদে বের হয়ে আসতে (ইজেক্ট করতে) সক্ষম হয়েছেন।

ইরকুতস্কের গভর্নর ইগোর কোবজেভ এক বিবৃতিতে জানিয়েছেন, বিমানটি কামেনকা গ্রামের কাছে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। উদ্ধারকৃত চার ক্রুকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের কারও আঘাতই গুরুতর বা জীবনসংহারী নয়। রাশিয়ার সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, বিমানটিতে কোনো যুদ্ধাস্ত্র ছিল না এবং এই ঘটনায় মাটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অসমর্থিত ভিডিওতে দেখা যায়, আঙ্গারা নদীর তীরের কাছাকাছি একটি ঘন জঙ্গলে বিমানটি আছড়ে পড়ছে এবং সেখান থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।


গভর্নর কোবজেভ আরও জানিয়েছেন, প্রাথমিক তথ্যানুযায়ী ইঞ্জিন বিকল হওয়াই এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে ধারণা করা হচ্ছে। সোভিয়েত আমলের তৈরি এই সুপারসনিক বোমারু বিমানটি ন্যাটোর কাছে ‘ব্যাকফায়ার’ ছদ্মনামে পরিচিত। অত্যাধুনিক টিইউ-২২এম৩ মডেলটি কেএইচ-২২ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আকাশ থেকে নিক্ষেপযোগ্য হাইপারসনিক ‘কিনঝাল’ (ড্যাগার) ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। রাশিয়া এর আগে সিরিয়া ও ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিজেদের সামরিক অভিযানে এই বোমারু বিমানটি ব্যবহার করেছে।

 

সূত্র: রয়টার্স
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন