জাতীয় দলে সাকিব আল হাসানের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলাকে বোকামি বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
টাইগার অলরাউন্ডার প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি বলে সাকিবকে দলে প্রয়োজন নেই, তবে সে বোকার রাজ্যে বাস করছে। সাম্প্রতিক বোর্ড সভা শেষে বিসিবির পরিচালনা পর্ষদ জানিয়েছে, তারা সাকিবকে দেশে ফিরিয়ে আনার জোর চেষ্টা করছে, যদিও তার খেলা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি।
জুলাই আন্দোলন এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ততার কারণে সাকিবকে দেশে ফিরে খেলতে দেয়া হয়নি। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও সাকিবের খেলার বিপক্ষে ছিলেন। তবে বর্তমানে আশার আলো দেখা যাচ্ছে।
বিসিবি পরিচালক আসিফ আকবর ও আমজাদ হোসেন সাকিবকে ফেরানোর পক্ষে কথা বলছেন। কোচ সালাউদ্দিন স্পষ্টভাবে জানিয়েছেন, সাকিব ছাড়া দল চলবে না।
মাসখানেক আগে এক পডকাস্টে সাকিব আল হাসান নিজেও দেশে ফিরে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। রাজনীতিকে মাঠের খেলার বাইরে রেখে সাকিবের প্রত্যাবর্তনের অপেক্ষায় এখন ভক্তরা।
ডিবিসি/এএমটি