আগামী এক বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির ২৮ জনের তালিকায় জায়গা হয়নি সাকিব আল হাসানের। তাকে ফেরানোর বিষয়ে গুঞ্জন এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর ইতিবাচক মন্তব্য থাকলেও নতুন চুক্তিতে তার নাম নেই। শুধু তাই নয়, এবারের চুক্তিতে সর্বোচ্চ 'এ' প্লাস ক্যাটাগরিতে কোনো ক্রিকেটারকে রাখা সম্ভব হয়নি।
মোট ৫টি ক্যাটাগরির মধ্যে ৪টিতে ক্রিকেটারদের রাখা হয়েছে। দশ লাখ টাকা বেতনের 'এ' প্লাস ক্যাটাগরি আপাতত শূন্য। আট লাখ টাকা বেতনের 'এ' ক্যাটাগরিতে আছেন তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস এবং তাসকিন আহমেদ।
ছয় লাখ টাকা বেতনের 'বি' ক্যাটাগরিতে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
চার লাখ টাকার 'সি' ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন জাকের আলী অনিক, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ।
সর্বশেষ দুই লাখ টাকার 'ডি' ক্যাটাগরিতে আছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম পাটোয়ারী ও কাজী নুরুল হাসান সোহান।
ডিবিসি/এএমটি