জাতীয় দলের হয়ে দেশের মাটিতে একটি বিদায়ী সিরিজ খেলার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন শাকিব আল হাসান। তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে সেই সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, বর্তমান পরিস্থিতিতে তার জাতীয় দলে ফেরা বা দেশে ফিরে খেলার সুযোগ নেই।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুব ও ক্রীড়া উপদেষ্টা আমিনুল হক বলেন, বর্তমান পরিস্থিতিতে শাকিবের জাতীয় দলে ফেরার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। তার ভাষায়, "তার দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই।"
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছাড়েন। সে সময় আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন শাকিব আল হাসান। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর তাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়।
আমিনুল হকের মতে, একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে শাকিবের যে গ্রহণযোগ্যতা ছিল, রাজনৈতিক অবস্থান নেওয়ার পর পরিস্থিতি বদলে গেছে। তিনি বলেন, "একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে তিনি ছিলেন, সেখান থেকে রাজনৈতিক পরিচয় বেছে নেওয়ার পর আমার মনে হয় না তার দেশে ফিরে আসার সুযোগ আছে। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।"
তিনি আরও বলেন, এতদিন শাকিবকে মূলত একজন ক্রিকেটার হিসেবেই বিবেচনা করা হয়েছিল। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর সেই অবস্থান আর নেই। তার ভাষায়, "একজন খেলোয়াড় হিসেবে আমরা অনেক সহনশীল ছিলাম। কিন্তু এখন তার ফিরে আসার জন্য কোনো ব্যবস্থা করার সুযোগ দেখি না। তাই তার দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ নেই।"
অন্যদিকে, রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব আল হাসান বলেন, সরকারের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হলে তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত। একই সঙ্গে তিনি দেশের মাটিতে একটি বিদায়ী সিরিজ খেলা এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছার কথাও জানান।
তবে সরকারের সর্বশেষ অবস্থানের পর শাকিবের সেই বিদায়ী সিরিজ এবং জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ডিবিসি/আরএফই