বাংলাদেশ, জেলার সংবাদ

সাতক্ষীরায় কুড়িয়ে পাওয়া অন্ধ ঘোড়ার সেবা করা সোহানের পাশে প্রধানমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় সংবাদ প্রচারিত হওয়ার পর রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া অন্ধ ঘোড়ার সেবা করা কলেজছাত্র সোহানের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের এই শিক্ষার্থীর মানবিক উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি অন্ধ ঘোড়াটিকে আশ্রয় দিয়ে লালন-পালনের দায়িত্ব নেওয়ায় তাকে আর্থিক সহায়তাও পাঠিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে মঙ্গলবার (৩০ জুন) রাতেই সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা সোহানের বাড়িতে গিয়ে এই আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেন। এ সময় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় সোহানের সার্বিক খোঁজখবর নেওয়া হয় বলে জানান যুবদল নেতা নান্টা।

 

এর আগে ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় কলেজছাত্র সোহানের মানবিক এই কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং দেশ-বিদেশ থেকে প্রশংসায় ভাসতে থাকেন সোহান। প্রতিবেদনটি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি এই মানবিক কাজের প্রশংসা করেন। তাকে উৎসাহ দিতে তিনি সাথে সাথে আর্থিক সহায়তা পাঠান এবং জেলা পর্যায় থেকে খোঁজখবর নেওয়ার নির্দেশনা দেন।

 

স্থানীয়রা জানান, অন্ধ ও অসুস্থ একটি ঘোড়া শ্মশানের পাশে পড়ে ছিল। অনেকেই ভিডিও ধারণ করলেও প্রাণীটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসেননি। ভিডিওটি দেখে ঘটনাস্থলে ছুটে যান চান্দুড়িয়া গ্রামের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সোহান। তিনি ঘোড়াটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন। পরে স্থানীয় পশুচিকিৎসক পরীক্ষা করে জানান, প্রাণীটির দুটি চোখই স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে এবং চিকিৎসার মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। এরপরও ঘোড়াটিকে ফেলে না রেখে পরিবারকে সঙ্গে নিয়ে এর পরিচর্যার দায়িত্ব নেন সোহান।

 

উপহার ও সহায়তা পেয়ে কলেজছাত্র সোহান বলেন, ‘এটি আমার জন্য অত্যন্ত গর্বের। এত ছোট কাজের জন্য এমন প্রশংসা পাবো তা কখনো ভাবিনি। আমি সবার প্রতি কৃতজ্ঞ, বিশেষ করে ডিবিসি নিউজের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’

 

সোহানের বাবা নাঈম হোসেন বলেন, ‘ছেলের মানবিক কাজের জন্য যেভাবে সবাই এগিয়ে এসেছেন এবং আমাদের বাড়িতে উপহার পাঠিয়েছেন, তা অবশ্যই গর্বের। ডিবিসি নিউজের এমন মানবিক সংবাদ প্রচারের জন্য তাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানাই।’

 

সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা বলেন, ‘মঙ্গলবার জনাব রকিবুল ইসলাম বকুল ডিবিসি নিউজের ভিডিও লিংকটি আমাদের পাঠিয়ে জানান যে, প্রধানমন্ত্রী ছেলেটির বাড়িতে যেতে বলেছেন। নির্দেশনা পেয়ে আমরা বিকাশের মাধ্যমে কিছু অর্থ পাঠাই এবং রাতেই তার বাড়িতে গিয়ে উপহার ও বার্তা পৌঁছে দিই। এ ধরনের সংবাদ প্রকাশের জন্য ডিবিসি নিউজকে আন্তরিক শুভকামনা।’

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন