সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া একটি গুরুত্বপূর্ণ সড়কে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। বর্ষা মৌসুমে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়া এই বেহাল রাস্তায় রবিবার কৈখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কৈখালী গ্রামের যুবসমাজ ও সাধারণ মানুষ এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব কৈখালী গ্রামের ‘মরহুম আলহাজ্ব আদম গাজীর কেয়ারের রাস্তা’ হিসেবে পরিচিত এই সড়কটি বছরের পর বছর ধরে চরম অবহেলিত অবস্থায় পড়ে আছে। বর্ষা মৌসুমে রাস্তার ওপর পানি জমে গভীর কাদার সৃষ্টি হওয়ায় সাধারণ পথচারী থেকে শুরু করে কোনো ধরনের যানবাহনই চলাচল করতে পারে না। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী ও চাকরিজীবীসহ সব শ্রেণিপেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে জরুরি রোগীদের নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েন স্বজনরা। সড়কপথে হাসপাতালে যাওয়ার কোনো উপায় না থাকায় দীর্ঘ সময় ব্যয় করে ঝুঁকিপূর্ণ নদীপথে ট্রলারে যাতায়াত করতে বাধ্য হন তারা।
দীর্ঘদিনের এই ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা মো. এবাদুল ইসলাম বলেন, উপকূলীয় এলাকার মানুষ হিসেবে তাদের ভোগান্তির যেন কোনো শেষ নেই। ছোটবেলা থেকেই তারা চলাচলের একমাত্র এই রাস্তাটিকে অবহেলিত দেখে আসছেন। জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও কোনো সমাধান না পেয়ে অবশেষে রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছেন তারা। দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান এই বাসিন্দা।
এদিকে, প্রতিবাদের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুর রশিদ। তিনি দ্রুত রাস্তাটি পাকাকরণের (কার্পেটিং) আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, তিনি নির্বাচিত হওয়ার পর 'বিজিবি সড়ক' নামে রাস্তাটি কার্পেটিং করার জন্য অনুমোদন করিয়েছিলেন। কিন্তু একটি পক্ষের হস্তক্ষেপে সেটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তবে বর্তমানে 'সীমান্ত সড়ক' প্রকল্পের অধীনে রাস্তাটি পাকাকরণের জন্য পুনরায় অনুমোদন পেয়েছে উল্লেখ করে তিনি খুব দ্রুত সংস্কারকাজ শুরুর আশাবাদ ব্যক্ত করেন।
ডিবিসি/পিআরএএন