সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে দুই ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্যসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৮ জুলাই) দুপুরের দিকে উপজেলার চন্দনপুর এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে খুলনা ২১ বিজিবির সদস্যরা ইয়াবাসহ হাতেনাতে তাদের আটক করে।
জনপ্রতিনিধিদের এমন মাদক কারবারে জড়িত থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটককৃতরা হলেন কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের মৃত ইমানুর রহমানের ছেলে ও চন্দনপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মোস্তফা ফারুক কবির, কাদপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ও ২নং ওয়ার্ডের সদস্য নিজাম উদ্দীন মন্টু, একই গ্রামের মৃত সামসুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন এবং চান্দুড়িয়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে আব্দুস সালাম।
খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল কলারোয়ার চন্দনপুর এলাকায় 'সোহাগ ডাক্তারের' দোকানে আকস্মিক অভিযান পরিচালনা করে।
এ সময় সেখানে অবস্থানরত দুই ইউপি সদস্যসহ চারজনের শরীর তল্লাশি করে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের কাছে থাকা ৫টি মোবাইল ফোন জব্দ করে বিজিবি সদস্যরা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ডিবিসি/এমএনকে