সাতক্ষীরার কলারোয়ায় বিষধর সাপের কামড়ে বিথী খাতুন (১৮) নামে এক তরুণীর করুণ মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ৮টার দিকে উপজেলার চন্দনপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত বিথী ওই গ্রামের আব্দুল্লাহ সরদারের কন্যা।
প্রতিদিনের মতো আজ (১২ এপ্রিল) রবিবার সকালেও বিথী তাদের রান্নাঘর ঝাড়ু দেওয়ার জন্য ভেতরে প্রবেশ করেন। এ সময় আকস্মিকভাবে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়।
সাপের কামড়ে বিথী তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকলে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফয়সাল সরদার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তরুণী বিথীর এই অকাল মৃত্যুতে গোটা চন্দনপুর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডিবিসি/টিবিএ