জেলার সংবাদ

সাতক্ষীরার সুন্দরবনে ৬৫ বছর বয়সী বৃদ্ধকে বনদস্যুদের গুলি

সাতক্ষীরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাতক্ষীরার শ্যামনগর উপজেলাধীন সুন্দরবনের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক কাঁকড়া শিকারি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত আতিয়ার রহমান বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও সুন্দরবনের নির্দিষ্ট এলাকায় কাঁকড়া ধরতে যান আতিয়ার রহমানসহ কয়েকজন জেলে। এ সময় হঠাৎ বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

 

পরে সহযোগী জেলেরা দ্রুত তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় স্থানীয় জেলেদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। বনদস্যুদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

 

এ বিষয়ে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, "আনুমানিক বেলা ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ার রহমান আমাদের অফিসে আসেন। আমরা তাৎক্ষণিকভাবে তাঁকে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। পাশাপাশি শ্যামনগর থানা-পুলিশ ও কৈখালী কোস্টগার্ডকেও বিষয়টি জানানো হয়েছে।"

 

স্থানীয়রা জানান, সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে প্রায়ই বনদস্যুদের এ ধরনের তৎপরতা দেখা যায়। এর ফলে সাধারণ জেলে ও বনজীবীদের জীবন-জীবিকা চরম হুমকির মুখে পড়েছে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন