সাতক্ষীরার দেবহাটায় কাপড়ের রঙ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে আইসক্রিম তৈরির করায় দুটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১২ মে) উপজেলার উত্তর সখিপুর এলাকায় র্যাব-৬ ও জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-৬ এর সিপিসি-১-এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ যিয়াদের নেতৃত্বে একটি আভিযানিক দল উত্তর সখিপুরস্থ ‘শিলা আইসক্রিম ফ্যাক্টরি’তে আকস্মিক অভিযান চালায়। এসময় সেখানে বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি এবং তাতে কাপড়ের রঙসহ নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারের সত্যতা পাওয়া যায়।
অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী কারখানার মালিক সুজিত বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। একই সময়ে পার্শ্ববর্তী ‘মদিনা আইসক্রিম ফ্যাক্টরি’তেও অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানেও একই ধরনের অনিয়ম ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহারের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল খালেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জনস্বার্থ বিবেচনায় কারখানা দুটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি রোধে ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে তাদের এই তদারকি ও কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
ডিবিসি/টিবিএ