সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে বড় ভাইয়েরও মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুরের সাত্তারের মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, চাঁদপুর এলাকার আবুল কাশেমের ছোট ছেলে আব্দুল গফুর দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। রবিবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছোট ভাইয়ের এই মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে বড় ভাই আব্দুল করিম (৫৬) মানসিকভাবে ভেঙে পড়েন এবং একপর্যায়ে তিনি স্ট্রোক করেন। স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক এবং একই দিনে দুই ভাইয়ের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডিবিসি/আরএসএল