বাংলাদেশ, জেলার সংবাদ

সাতক্ষীরায় পুকুরে ডুবে প্রথম শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৫শে নভেম্বর ২০২৫ ০৮:০০:৫৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে সুস্মিতা দেবনাথ (৭) ও রিয়া দাশ (৭) নামে প্রথম শ্রেণির দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫শে নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত রিয়া দাশ ওই এলাকার মৃত উত্তম দাসের মেয়ে এবং সুস্মিতা দেবনাথ রাম প্রসাদ দেবনাথের মেয়ে। তারা দুজনই স্থানীয় মৌতলা নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রিয়ার বৌদি ভারতী দাশ ওই দুই শিশুকে নিয়ে এলাকার আনন্দ চক্রবর্তীর পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তিনি শিশু দুটিকে পুকুরপাড়ে বসিয়ে রেখে বাড়িতে কাপড় আনতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তাদের দেখতে না পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে।

 

উদ্ধারের পর স্থানীয় গ্রাম্য চিকিৎসক আমিন সরদারের পরামর্শে তাদের দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন