সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার নগরঘাটা ইউনিয়নের রাইচমিল মোড় এলাকায় অবস্থিত এই কার্যালয়টিতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার অভিযোগ করে জানান, রাতের আধারে দুর্বৃত্তরা বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির জানান, খবর পাওয়ার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি খালি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে কার্যালয়ের কয়েকটি চেয়ার পুড়ে গেছে। এই ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/টিবিএ