বাংলাদেশ, জেলার সংবাদ

সাতক্ষীরায় মায়ের মুখে লাথি মারা সেই মাদ্রাসা শিক্ষক ছেলে গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডিবিসি নিউজে সংবাদ প্রকাশের পর জন্মদাত্রী মায়ের মুখে লাথি মেরে দাঁত ভেঙে দেওয়া সেই মাদ্রাসা শিক্ষক ছেলে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৮ জুন) সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মামলার বাদী ৭২ বছর বয়সী ভুক্তভোগী মা আনোয়ারা বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার বড় ছেলে মনিরুল ইসলাম ও পুত্রবধূ ফেরদৌসি ইসলাম ঝর্ণা বিভিন্ন বিষয় নিয়ে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। এর ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে পারিবারিক একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ছেলে মনিরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তার মুখে সজোরে লাথি মারেন। এতে তার সামনের একটি দাঁত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। 

 

পরে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় তিনি ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন। নৃশংস এই নির্যাতনের ঘটনা নিয়ে ডিবিসি নিউজে সংবাদ পরিবেশিত হওয়ার পর নড়েচড়ে বসে পুলিশ। আসামিকে ধরতে দ্রুত অভিযান শুরু করে তারা।

 

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. পিয়ার উদ্দিন জানান, ঘটনা জানাজানি হওয়ার পরদিন ভুক্তভোগী মা আনোয়ারা বেগমকে বাদী করে থানায় নিয়মিত মামলা গ্রহণ করা হয়। এরপর পুলিশের অভিযানে রবিবার সকালে ওই ছেলেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মনিরুল ইসলাম উপজেলার বুড়িগোয়ালিনী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। একই বাড়িতে বসবাসের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে তিনি ও তার স্ত্রী বৃদ্ধা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে আসছিলেন। নিজের মায়ের ওপর এমন অমানবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন