বাংলাদেশ, জেলার সংবাদ

সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, ২০ লাখ টাকার ক্ষতির দাবি

সাতক্ষীরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাতক্ষীরার কালিগঞ্জে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার তারালি ইউনিয়নের আমিয়ান গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী ঘের মালিক আব্দুল্লাহ মোল্লা জানান, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তার মাছের ঘেরে বিষ ঢেলে দেয়। ঘেরের দায়িত্বে থাকা এক কর্মচারী প্রথমে মাছগুলো অস্বাভাবিকভাবে মরে ভেসে উঠতে দেখেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি মালিককে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাছের মড়ক প্রত্যক্ষ করেন।


বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘেরের পানির ওপর অসংখ্য মাছ ও চিংড়ি মরে ভেসে রয়েছে। ক্ষতিগ্রস্ত আব্দুল্লাহ মোল্লা দাবি করেন, এতে তার অন্তত ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, এলাকার এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল। সেই শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই বিষ প্রয়োগ করা হয়েছে বলে তিনি সন্দেহ করছেন।


স্থানীয়রা জানান, এলাকায় এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি। এই ঘটনায় ওই অঞ্চলের মৎস্য চাষিদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর বড় ভাই এবাদুল ইসলাম ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এদিকে, ঘটনাস্থল থেকে বিষাক্ত কীটনাশক ‘ব্যাবিলন’-এর ২০টি খালি বোতল উদ্ধার করা হয়েছে। কয়েকটি বোতলে বিষের অবশিষ্টাংশও পাওয়া গেছে, যা থেকে বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


কালিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, বিষ প্রয়োগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন