বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে এবং দেশের বিচার ব্যবস্থায় ডিজিটাল বিপ্লব ত্বরান্বিত করার লক্ষ্যে দেশের সাতটি জেলায় আনুষ্ঠানিকভাবে ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) বগুড়া সফরে গিয়ে তিনি এই সেবার শুভ উদ্বোধন করেন। এই আধুনিক সুবিধার আওতায় আসা জেলাগুলো হলো- বগুড়া, নারায়ণগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট। ই-বেইল বন্ড উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের নামফলকও উন্মোচন করেন।
এদিন সকাল ৬টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাসটি ঢাকার গুলশানের বাসভবন থেকে বগুড়ার উদ্দেশে রওনা হয়। দীর্ঘ সড়কপথ পাড়ি দিয়ে সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়। সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। সার্কিট হাউসে ডা. জোবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।
প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরসূচি নিয়ে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বগুড়ায় আজ অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন তিনি। তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ এবং হামের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনসহ বেশ কিছু জনকল্যাণমূলক কার্যক্রম। পাশাপাশি নিজের পৈতৃক বাড়িতেও যাওয়ার কথা রয়েছে তাঁর। এরপর বিকেলে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী নির্ধারিত এসব কর্মসূচি শেষ করে রাতেই তিনি সড়কপথে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হবেন।
ডিবিসি/পিআরএএন