সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার (২৭শে ডিসেম্বর) সারা দেশে তফসিলি ব্যাংকগুলোর সব শাখা খোলা থাকবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই বিশেষ নির্দেশনা জারি করেছে। এর আগে গত বুধবার (২৪শে ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তির মাধ্যমে ছুটির দিনে ব্যাংক খোলা রাখার বিষয়টি নিশ্চিত করেছিল।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জামানত জমা দেওয়া এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ পরিশোধের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সারা দিন প্রার্থীরা ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে তাদের নির্বাচনী লেনদেন সম্পন্ন করতে পারবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এর ঠিক আগেই ২৫শে ডিসেম্বর বড় দিন এবং ২৬ ও ২৭শে ডিসেম্বর (শুক্র ও শনি) সাপ্তাহিক ছুটি পড়ে যাওয়ায় টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকার পরিস্থিতি তৈরি হয়েছিল।
এতে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমার ক্ষেত্রে আর্থিক প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে জটিলতায় পড়তে পারেন এমন আশঙ্কায় নির্বাচন কমিশন (ইসি) শনিবার ব্যাংক খোলা রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেয়। সেই চিঠির আলোকেই আজ ব্যাংক খোলা রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিবিসি/এএমটি