মেদিনীপুরে সাপ উদ্ধার করতে গিয়ে বিষধর সাপের ছোবলে মৃত্যু হল এক ‘সর্পবন্ধু’র। মৃতের নাম তপন সিংহ (৫৪)। তাঁর বাড়ি মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়া এলাকায়। পেশায় গাড়িচালক হলেও দীর্ঘদিন ধরে সাপ উদ্ধার এবং সাধারণ মানুষকে সাপ সম্পর্কে সচেতন করার কাজ করতেন তিনি।
ঘটনাটি ঘটেছে সদর ব্লকের কুকুরমুড়ি এলাকায়। সোমবার সন্ধ্যায় একটি বাড়িতে সাপ ঢোকার খবর পেয়ে সেখানে যান তপন। প্রথমে একটি সাপ উদ্ধার করেন। কিছুক্ষণ পর একই এলাকায় আরও একটি সাপ বের হলে ফের সেটি ধরতে যান তিনি।
সাপটি আকারে বেশ বড় ছিল। ক্যাচারের সাহায্যে ধরার পর কৌটোয় ঢোকানোর সময় আচমকা সেটি তপনের আঙুলে কামড়ে ধরে। বেশ কিছুক্ষণ আঙুল চেপে ধরে রাখায় সাপটিকে ছাড়াতেও বেগ পেতে হয় তাঁকে।
এরপরও সাপটিকে কৌটোয় বন্দি করে নিজের গাড়িতে পরিচিত কয়েকজনকে সঙ্গে নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্দেশে রওনা দেন তপন। পথে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। সাপে কামড়ানোর প্রায় ৩৫ থেকে ৪০ মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় উপস্থিত কয়েকজন সাপ উদ্ধারের দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন। সেই ভিডিওতে সাপের কামড়ের ঘটনাটিও ধরা পড়েছে বলে জানা গিয়েছে।
সাপটিকে কৌটোয় ভরার সময়ই উপস্থিত মানুষজনকে বর্ষাকালে সাপের উপদ্রব নিয়ে সতর্ক করছিলেন তপন। সাপ না মেরে বন দপ্তর বা অভিজ্ঞ উদ্ধারকারীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দিচ্ছিলেন তিনি। অন্যদের নিজে সাপ ধরতে না যাওয়ার সতর্কবার্তাও দিয়েছিলেন।
সাপ বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, দীর্ঘক্ষণ কামড়ে ধরে রাখায় তপনের শরীরে বেশি পরিমাণ বিষ প্রবেশ করে থাকতে পারে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: আজকাল
ডিবিসি/এসএফএল