মাত্র ৫১ লাখ জনসংখ্যার ছোট্ট একটি দেশ সিঙ্গাপুর বর্তমানে উচ্চশিক্ষায় এশিয়ার অন্যতম সেরা গন্তব্যে পরিণত হয়েছে। আর এই অনন্য সাফল্যের অন্যতম কারিগর হিসেবে কাজ করছে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (NTU)।
বিশ্বমানের গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠানটি সারা বিশ্বে নিজের যোগ্য স্থান করে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের অধিকাংশ ইউনিভার্সিটি র্যাংকিংয়ে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে।
গত এপ্রিল মাসে প্রকাশিত টাইম হায়ার এডুকেশন (THE)-এর এশিয়ান ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৬-এ এশিয়ার শীর্ষস্থান দখল করেছে চীনের সিনহুয়া ইউনিভার্সিটি এবং এই তালিকায় সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি রয়েছে চতুর্থ স্থানে। এর মাধ্যমে এশিয়ার সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয়ের একটি হিসেবে প্রতিষ্ঠানটি নিজের অবস্থানকে আরও মজবুত করেছে।
শুধু এশিয়াতেই নয়, বিশ্বের সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও সগৌরবে স্থান করে নিয়েছে এই বিদ্যাপীঠ। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৬ অনুযায়ী, বিশ্বের সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতিষ্ঠানটির অবস্থান এখন ১২তম। উল্লেখ্য, ২০২৫ সালে এই তালিকায় তাদের অবস্থান ছিল ১৫তম; অর্থাৎ এক বছরের ব্যবধানে বিশ্ববিদ্যালয়টি তিন ধাপ উন্নতি করেছে।
১৯৮১ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় বিশ্ববিদ্যালয়টি নিজেকে একটি বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, টেকসই জ্বালানি এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের মতো ক্ষেত্রগুলোতে তাদের গবেষণা বিশ্বব্যাপী সমাদৃত।
বর্তমানে এই প্রতিষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট পর্যায়ে প্রায় ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত। উভয় পর্যায়ের শিক্ষার্থীরাই এখানে বিশ্বমানের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন, যা বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান শিক্ষার্থীদের এখানে পড়তে আসতে আকৃষ্ট করে। প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণার জন্য ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করা এই বিশ্ববিদ্যালয়টি এখন আর শুধু একটি শিক্ষাকেন্দ্র নয়; বরং এটি এমন একটি পূর্ণাঙ্গ গবেষণা ইকোসিস্টেম হিসেবে পরিচিতি পেয়েছে, যেখানে একাডেমিক শিক্ষা ও ইন্ডাস্ট্রি একসঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। তথ্যসূত্র: Time Higher Education 2026, QS University Ranking 2026।
সিরাজুর রহমান
শিক্ষক ও লেখক
ডিবিসি/ এইচএপি