মালদ্বীপের মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে আবারও ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ২০২৪ সালের অপরাজিত চ্যাম্পিয়নরা এবারও নিজেদের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে। আজকের ম্যাচে লাল-সবুজ শিবিরের হয়ে একমাত্র জয়সূচক গোলটি আসে মানিকের কাছ থেকে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। দশ মিনিট পেরোনোর আগেই কাঙ্ক্ষিত সাফল্য ধরা দেয়। মোর্শেদের বাড়িয়ে দেওয়া চিপ থেকে বক্সে লাফিয়ে উঠে চমৎকার হেডে বল জালে জড়ান মানিক। এতে স্টেডিয়ামে উপস্থিত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি দর্শক উল্লাসে ফেটে পড়েন। ঠিক পরের মিনিটেই নেপালের জালে আবারও বল পাঠায় বাংলাদেশ। আমেরিকান প্রবাসী ফুটবলার রোনান সুলিভান দুর্দান্ত দক্ষতায় বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে গোল করেন। বল রিসিভ করার সময় তিনি নেপালের ডিফেন্ডারের চেয়ে এগিয়ে থাকলেও সহকারী রেফারি অফসাইডের পতাকা তুলে গোলটি বাতিল করেন। বাংলাদেশ ডাগআউট থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের প্রথম ২০-৩০ মিনিট নেপাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং বাংলাদেশের রক্ষণে বেশ চাপ সৃষ্টি করে। তবে বাংলাদেশের গোলরক্ষক মাহিন দারুণ কয়েকটি সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন। এর মাঝে বাংলাদেশও পাল্টা আক্রমণ চালায় এবং উভয় দলই মাঠে বেশ কিছু খেলোয়াড় পরিবর্তন করে। ম্যাচের শেষ ভাগে রোনানের ভাই ডেকলানকে মাঠে নামান কোচ মিশু। বক্সের ভেতর ডেকলানের দেওয়া একটি দারুণ পাস থেকে রোনান শট নিলেও নেপালি ডিফেন্ডারের বাধায় তা কর্নার হয়।
নির্ধারিত সময়ের পর ৬ মিনিট ইনজুরি টাইমে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। রোনান-মোর্শেদদের এই জয়ে মালে স্টেডিয়ামের গ্যালারিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে, তা আজ রাতে ভারত ও ভুটানের মধ্যকার ম্যাচের পর নির্ধারিত হবে।
ডিবিসি/এফএইচআর