জাতীয়

সাবেক আইজিপি ড. এম. এনামুল হক মারা গেছেন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাবেক আইজিপি এবং বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক আর নেই। রবিবার (৩০ আগস্ট) ভোরে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপির মিডিয়া সেলের একটি ফেসবুক পোস্টে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করা হয়েছে।

বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী ড. এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালে তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নিযুক্ত হন। আইজিপি হিসেবে অবসরের পর ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি আইন কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

পারিবারিক পরিচয়ে তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা। তাঁর স্ত্রী অনামিকা হক লিলি একজন শিক্ষাবিদ ও লেখক। এই দম্পতির অদিতি তিতাস হক নামে এক কন্যা এবং আশিম শৈতাল হক ও অনীক আর. হক নামে দুই পুত্র সন্তান রয়েছেন। ড. এনামুল হকের মৃত্যুতে বিএনপির মিডিয়া সেল থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন