জাতীয়, অপরাধ

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার (৮ মার্চ) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা চার্জশিট আমলে নিয়ে এ আদেশ দেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার আসামি বেনজীর আহমেদ বর্তমানে পলাতক থাকায় তার বিরুদ্ধে হুলিয়া জারি এবং সম্পত্তি জব্দের আবেদনও গ্রহণ করেছেন আদালত। আগামী ৩০ মার্চের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।


দুদকের উপ-পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হাফিজুল ইসলামের দাখিল করা অভিযোগপত্রে বেনজীর আহমেদের দুর্নীতির ভয়াবহ চিত্র উঠে এসেছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী, সম্পদ বিবরণীতে ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ৬০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন তিনি। তার জ্ঞাত আয়ের উৎসের বাইরে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। নিজের নাম ছাড়াও তার নাবালিকা কন্যা যাহরা যারীন বিনতে বেনজীরের নামে দেশের বিভিন্ন স্থানে বিপুল ভূসম্পত্তি গড়ে তুলেছেন। গোপালগঞ্জ, সেন্টমার্টিন, মাদারীপুর ও সাভারে জমি ছাড়াও ঢাকার গুলশানের ‘র‍্যানকন আইকন টাওয়ারে’ একাধিক বিলাসবহুল ফ্ল্যাট এবং উত্তরায় বাণিজ্যিক স্পেসের মালিকানা পাওয়া গেছে।


তদন্তে দেখা গেছে, অপরাধলব্ধ অর্থের উৎস আড়াল করতে বেনজীর আহমেদ নিজের ও কন্যার নামে মৎস্য ব্যবসা এবং বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে অর্থ স্থানান্তর ও রূপান্তর করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন (২০০৪), মানি লন্ডারিং প্রতিরোধ আইন (২০১২) এবং দুর্নীতি প্রতিরোধ আইন (১৯৪৭)-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।


উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের পক্ষ থেকে এই মামলাটি দায়ের করা হয়েছিল। দীর্ঘ তদন্ত শেষে আজ আদালত চার্জশিট গ্রহণ করে এই কঠোর আইনি পদক্ষেপ নিলেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন