জাতীয়

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির নানা কর্মসূচি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ৩০ মে। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন। প্রতিবছরের মতো এবারও দিনটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি গ্রহণ করেছে। দলটির নেতা-কর্মীদের কাছে এই দিনটি একই সঙ্গে গভীর শোকের এবং রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন হিসেবে বিবেচিত।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। মহান মুক্তিযুদ্ধে তিনি অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে তিনি রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন এবং ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তাঁর প্রতিষ্ঠিত এই দলটি পরবর্তীতে চারবার রাষ্ট্রক্ষমতায় আসে।

 

শাহাদাতবার্ষিকীর দলীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১টায় ঢাকার জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি খেলার মাঠের সামনে দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন তিনি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দিবসটি ঘিরে আলোচনা, দোয়া মাহফিল, শ্রদ্ধা নিবেদন ও সামগ্রী বিতরণের মতো ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ১৬টি স্থানে এই বিতরণ কার্যক্রম চালানো হবে।

 

এর আগে, সকাল ১০টায় জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং সকাল সাড়ে ১০টায় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। এরপর তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করবেন। বেলা ১১টা ২০ মিনিটে হাইকোর্ট মাজারের সামনে আইনজীবীদের আয়োজনে দুস্থদের মাঝে সামগ্রী বিতরণ করবেন রিজভী। একই সময়ে কারওয়ান বাজারে এফডিসির সামনে একটি পৃথক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন