বাংলাদেশ

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শিক্ষা উপমন্ত্রী ও প্রবীণ রাজনীতিক গোলাম সারোয়ার মিলন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২৬ এপ্রিল) ভোররাতে ঢাকার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে নেওয়া হয়, তবে কর্তব্যরত চিকিৎসকরা জানান তিনি বাসাতেই মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।

 

১৯৫৭ সালের ৬ নভেম্বর পুরান ঢাকায় জন্মগ্রহণ করা গোলাম সারোয়ার মিলন ছাত্রজীবন থেকেই রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রভাবশালী ছাত্রনেতা ১৯৮১-৮২ মেয়াদে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৮৬ সালের ১ জানুয়ারি তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে প্রেসিডিয়াম সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জাতীয় পার্টির মনোনয়নে মানিকগঞ্জ-৪ আসন থেকে তিনি ১৯৮৬ ও ১৯৮৮ সালে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৯৮৬-৮৭ মেয়াদে এরশাদ মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। জীবনের শেষ পর্যায়ে তিনি বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

মরহুমের ছেলে সাবায়ের সারোয়ার জানিয়েছেন, রোববার বাদ জোহর মানিকগঞ্জের সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন