জাতীয়, রাজনীতি

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে প্রসিকিউশন।

আজ রবিবার (২৯ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে এই আবেদন জমা দেওয়া হয়। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, গত জুলাইয়ের গণহত্যাকাণ্ডের অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীকে এবং গুম সংক্রান্ত অভিযোগের মামলায় শেখ মামুন খালেদকে ট্রাইব্যুনালের অধীনে গ্রেপ্তার দেখানোর জন্য এই আবেদন করা হয়েছে।

 

এক-এগারোর অন্যতম আলোচিত ব্যক্তি মাসুদ উদ্দিন চৌধুরীকে গত সোমবার রাতে তাঁর ঢাকার বাসভবন থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বর্তমানে তিনি পল্টন থানার একটি মানব পাচার মামলায় পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই মামলার পাশাপাশি এক-এগারোর সময়ে তাঁর বিতর্কিত ভূমিকা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গত বুধবার গ্রেপ্তার করা হয়। মিরপুর থানার জুলাই গণ-অভ্যুত্থানকালীন একটি হত্যা মামলায় তাঁরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন। ডিবি জানায়, ক্ষমতার অপব্যবহার করে অপরাধ সংঘটনের সক্ষমতা তাঁর ছিল কি না, সেসব বিষয়ে তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

 

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন