অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাভারের সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনকে তাঁর বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে সাভার কার্যালয় থেকে সরিয়ে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের (আইজিআর) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
রবিবার (৩ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
ওই অফিস আদেশে বলা হয়, অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। এই প্রেক্ষিতে মামলাটি সম্পূর্ণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে ৩ মে দুপুরের মধ্যে বর্তমান পদের দায়িত্ব হস্তান্তর করে নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে সাভারের এই সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও নিজ কার্যালয়ের কর্মচারীদের সঙ্গে অসদাচরণের বিস্তর অভিযোগ ওঠে। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গেও তিনি অসদাচরণ করেন বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার পর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায়, আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মঈনউদ্দিন কাদির সম্প্রতি সরেজমিনে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেন। সে সময় তিনি ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখকসহ অন্যান্য অভিযোগকারীদের সঙ্গে কথা বলেন। তাঁর ওই প্রাথমিক তদন্তের ভিত্তিতেই এই প্রত্যাহারের আদেশ জারি করা হয়েছে বলে জানা গেছে।
ডিবিসি/কেএলডি