সাভারের রাজাশন এলাকায় মাদক ব্যবসায়ী শামীম বাহিনীর হামলার শিকার হয়েছেন চার গণমাধ্যমকর্মী। হামলার সময় তাদের গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করলেও মূল অভিযুক্ত শামীম এখনও পলাতক রয়েছেন।
শুক্রবার (২২ মে) বিকেলে রাজাশন এলাকায় শামীমের মালিকানাধীন একটি অটোরিকশার গ্যারেজে সংবাদ সংগ্রহে গিয়ে এই হামলার শিকার হন বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির রিপোর্টার তুহিন, ক্যামেরাপারসন, গাড়ির চালক এবং এসএটিভির স্থানীয় রিপোর্টার সাদ্দাম হোসেন। এদের মধ্যে তুহিন ও সাদ্দাম গুরুতর আঘাত পেয়েছেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, অভিযুক্ত শামীম এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে।
হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করে। তবে ঘটনার পর থেকেই মূল হোতা শামীম পলাতক রয়েছেন।
ডিবিসি/আরএসএল