সাভারে আট বছর বয়সী ওয়াহিদ নামে এক শিশুকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার নিজের বোন জামাইয়ের বিরুদ্ধে। শনিবার (৪ এপ্রিল) সকালে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের নিলা বর্ষা পার্কের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করেন স্থানীয়রা। আহত শিশুটিকে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত শিশু ওয়াহিদ তার মা সাহিদা এবং সৎ বাবা রিকশাচালক নাজিম উদ্দিনের সাথে সাভারের ভাগলপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। অন্যদিকে, অভিযুক্ত বোন জামাই রাজ্জাক ধামরাইয়ের বরদাইল এলাকার বাসিন্দা।
শনিবার সকালে নিলা বর্ষা পার্কের পাশে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তার দুই চোখ ফোলা ছিল এবং ধারণা করা হচ্ছে তার দুই চোখে সুপার গ্লু আঠা লাগিয়ে দেওয়া হয়েছিল। স্থানীয়দের কাছ থেকেই জানা যায় যে, শিশুটি তার বোন জামাইয়ের দ্বারা এই নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক মোস্তাকিম বিল্লাহ জানান, খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখেন এবং পরবর্তীতে পার্ক এলাকায় খোঁজ নিয়ে শিশুটির মায়ের সন্ধান পান। শিশুটির মায়ের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, ওয়াহিদ কিছুটা দুরন্ত প্রকৃতির হওয়ায় প্রায়ই মাদ্রাসায় না গিয়ে ধামরাইয়ে তার বোনের বাড়িসহ অন্যান্য স্বজনদের বাড়িতে চলে যেত। শনিবারও এমন কোনো পরিস্থিতিতে সে বোন জামাইয়ের নির্যাতনের শিকার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি ধামরাই থানার আওতাধীন এলাকায় সংঘটিত হওয়ায় সাভার মডেল থানা পুলিশ বিষয়টি ধামরাই থানাকে অবহিত করেছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে ধামরাই থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।
ডিবিসি/আরএসএল