সাভারের আমিনবাজারে এক বৃদ্ধ রিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় মো. আলতাফ হোসেন (৬০) নামের পুলিশের বিশেষ শাখার (এসবি) এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।
নিহত আলতাফ হোসেন ঢাকার মালিবাগে এসবির সদর দপ্তরে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই সাধুপাড়া গ্রামের মৃত জুরায়ন আলী শেখের ছেলে। পরিবার নিয়ে তিনি সাভারের আমিনবাজারের বড়দেশী মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে আমিনবাজারের বড়দেশী গ্রামের একটি আঞ্চলিক সড়কে এক বৃদ্ধ রিকশাচালক নিজের রিকশা মেরামত করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে ওই রিকশাকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা কয়েকজন যুবক নেমে রিকশাচালককে মারধর শুরু করে।
ঘটনাস্থলের কাছেই থাকা এসআই আলতাফ হোসেন এগিয়ে এসে বৃদ্ধকে মারধরের প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে যুবকরা তার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ায় এবং একপর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত ও অচেতন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, অন্যায়ের প্রতিবাদ করায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবিসি/হাদী