মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ জুন) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় দেশ গড়ার কাজে প্রধানমন্ত্রী গণমাধ্যমের এই সহযোগিতা চান।
মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা চাই না হাটে, ঘাটে, মাঠে সবসময় কেবল রাজনীতি নিয়ে কথা বলতে।’
প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেছেন একটি কুকুরকে মারা হচ্ছে বা একজন মানুষকে মেরে ফেলা হচ্ছে, আর আমরা বসে বসে ভিডিও করছি। আমাদের ভেতরের এই যে মানবিক অনুভূতি ও মূল্যবোধ-এগুলো জাগিয়ে তোলা দরকার। সামাজিক বোধগুলো জাগ্রত করা প্রয়োজন। এ ব্যাপারে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখতে হবে।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি জানিয়েছেন, আগামী দিনগুলোতেও তিনি নিয়মিত মিডিয়ার সাথে কথা বলবেন ও মতবিনিময় করবেন।
এই মতবিনিময় সভায় বাংলাভিশনের আবদুল হাই সিদ্দিকী, সময় টিভির জুবায়ের বাবু, ডিবিসির সম্পাদক লোটন ইকরাম, মোহনা টেলিভিশনের রাশেদুল হক, একাত্তর টেলিভিশনের শফিক আহমেদ, জিটিভির গাউসুল আজম বিপু, দেশ টিভির মহিউদ্দীন, নিউজ টোয়েন্টিফোরের শরিফুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের জহিরুল আলম, যমুনা টিভির ফাহিম আহমেদ, নাগরিক টিভির ইরফানুল হক নাহিদ, আরটিভির ইলিয়াস হোসেন এবং বাংলা টিভির এম. এম. বাদশা প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীও বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ও মাহদী আমিন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস. এ. এম. মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
ডিবিসি/এসএফএল