জাতীয়

সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে একটি ‘জাতীয় সমন্বয় কমিটি’ গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই উচ্চপর্যায়ের কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত এই কমিটি বাংলাদেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করবে। কমিটির মূল দায়িত্বগুলোর মধ্যে রয়েছে, প্রয়োজনে কাজের ক্ষেত্র নির্ধারণ, কর্মপরিকল্পনা তৈরি, সার্বিক পরিস্থিতি মূল্যায়ন, বিভিন্ন জরুরি বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ এবং আন্তঃসংস্থা বাস্তবায়ন তদারকি করা। এছাড়া প্রচলিত আইন ও বিধিবিধান পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও সংস্কারের সুপারিশ করা, বিভিন্ন সংস্থা ও অনলাইন প্ল্যাটফর্মসমূহ নিয়মিতভাবে তদারকি করা এবং দেশের গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় সাধন করার দায়িত্বও দেওয়া হয়েছে এই কমিটিকে। একই সঙ্গে নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাসমূহের কার্যপরিধি ও কাজের ক্ষেত্র নির্ধারণ করে দেবে এই কমিটি।

 

গুরুত্বপূর্ণ এই কমিটির সহ-সভাপতি হিসেবে থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা। এছাড়া কমিটির সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে—মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলের (এনটিএমসি) মহাপরিচালক, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এবং স্পেশাল ব্রাঞ্চ অব পুলিশের (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন