মহান বিজয় দিবস উপলক্ষ আয়োজিত প্যারাজাম্পের কারণে ৪০ মিনিটের সাময়িক বিরতির পর আবারও স্বাভাবিক হয়েছে ঢাকার মেট্রোরেল চলাচল।
মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফি। সরকারি ছুটির দিন হলেও যাত্রীদের সুবিধার্থে আজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী রাত পর্যন্ত ট্রেন চলাচল অব্যাহত থাকবে।
ডিএমটিসিএল সূত্র জানায়, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে একটি বিশেষ প্যারাজাম্প অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী প্যারাট্রুপারদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৪০ মিনিট মেট্রোরেল চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়। তবে এই নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরপরই পুনরায় ট্রেন চলাচল শুরু হয় এবং বর্তমানে নির্ধারিত বিরতি দিয়ে স্বাভাবিকভাবেই ট্রেন চলছে।
আজ সরকারি ছুটির দিনে কতক্ষণ পর্যন্ত মেট্রোরেল সেবা পাওয়া যাবে, এ প্রসঙ্গে ডিএমটিসিএলের ওই কর্মকর্তা জানান, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের জন্য নির্ধারিত সময়সূচি আজ অনুসরণ করা হচ্ছে। সেই অনুযায়ী, আজ উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন ছেড়েছে ভোর ৬টা ৩০ মিনিটে এবং এই স্টেশন থেকে সর্বশেষ ট্রেনটি ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে, মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে এবং সবশেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত ১০টা ১০ মিনিটে।
ডিবিসি/এএমটি