জাতীয়

সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের তৃণমূল পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় এ খাতে বাজেট বৃদ্ধির পাশাপাশি নতুন নিয়োগপ্রাপ্ত এক লাখ স্বাস্থ্যকর্মীকে উন্নত চিকিৎসার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। একইসঙ্গে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধপত্র সরবরাহের নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, চিকিৎসায় গাফিলতি রোধে স্বাস্থ্যকর্মীরা নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকছেন কি না, তা কঠোরভাবে মনিটরিং করা হবে। 

 

চিকিৎসকদের নিয়মিত অফিসে বসে রোগী দেখার নির্দেশ দেওয়ার পাশাপাশি তিনি সাধারণ নাগরিকদেরও হাসপাতালগুলোকে নিজেদের সম্পদ মনে করার এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বান জানান। এ সময় তিনি সিরাজগঞ্জ মহাসড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টারটি দ্রুত চালুর বিষয়েও আশ্বাস প্রদান করেন।

 

এর আগে ড. এম এ মুহিত জেলা প্রশাসক কার্যালয়ে সিরাজগঞ্জে কর্মরত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং সিভিল সার্জন ডা. নুরুল আমিনসহ স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন