মানবতাবিরোধী অপরাধ

সালমান এফ রহমান-আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থান দমনে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য বা ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপনের মধ্য দিয়ে এই বিচারিক কার্যক্রমের নতুন ধাপ শুরু হবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হবে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আদালতের কার্যক্রম অনুযায়ী, প্রথমে রাষ্ট্রপক্ষ তাদের সূচনা বক্তব্য পেশ করবে এবং এরপরই মামলার সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করা হবে।

 

এর আগে গত ১২ জানুয়ারি এই দুই হাইপ্রোফাইল আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ওই দিন আদালত আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দিয়ে তাদের বিরুদ্ধে আনা পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ পড়ে শোনান। অভিযোগ গঠনের সময় বিচারক জানতে চাইলে সালমান এফ রহমান ও আনিসুল হক নিজেদের নির্দোষ দাবি করেন এবং আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন। আদালত সে সময় উল্লেখ করেন যে, আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর জন্য পর্যাপ্ত উপাদান রয়েছে।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাইয়ের গণঅভ্যুত্থান দমনে আসামিরা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দান এবং নিজেদের মধ্যে পরামর্শ করে উসকানি দেওয়াসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনে লিপ্ত ছিলেন। তাদের বিরুদ্ধে হত্যার নির্দেশসহ মোট পাঁচটি গুরুতর অভিযোগ আনা হয়েছে, যার ওপর ভিত্তি করেই আজ থেকে সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম এগিয়ে যাবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন