রাজনীতি

সালাহউদ্দিন আহমদের হাত ধরে স্বাধীনতার পর প্রথম মন্ত্রী পেল কক্সবাজার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৮:৪৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে রাজনীতির কঠিন পথ পাড়ি দেওয়া এবং নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সালাহউদ্দিন আহমদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে এদিন সকালেই শপথ নিয়েছিলেন।

সালাহউদ্দিন আহমদের রাজনৈতিক ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং সরকারের শেষ দিন পর্যন্ত সেই পদে বহাল ছিলেন। দীর্ঘ বিরতির পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর আব্দুল্লাহ আল ফারুখকে ৯৫ হাজার ৮৩০ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে পুনরায় চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত হন।

 

পারিবারিক পটভূমি অনুযায়ী ১৯৬২ সালের ৩০ জুন কক্সবাজারের পেকুয়া ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মৌলভী পরিবারে জন্মগ্রহণ করেন সালাহউদ্দিন আহমদ। তার পিতা মৌলভী ছাঈদুল হক এবং মাতা বেগম আয়েশা হক। উল্লেখ্য যে স্বাধীনতার পূর্বে কক্সবাজারের সন্তান ফরিদ আহমদ পাকিস্তানের কেন্দ্রীয় শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও বাংলাদেশের স্বাধীনতার পর এই জেলা থেকে সালাহউদ্দিন আহমদই প্রথম পূর্ণ মন্ত্রী হওয়ার গৌরব অর্জন করলেন। এর আগে ২০০১ সালে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন যা ছিল স্বাধীনতার পর ওই জেলার জন্য প্রথম রাষ্ট্রীয় উচ্চপদস্থ কোনো সাফল্য।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন